পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী, উপস্থিত প্রধানমন্ত্রী মোদি ও অমিত শাহ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। ব্রিগেড প্যারেড ময়দানে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন অমিত শাহ, রাজনাথ সিং, চন্দ্রবাবু নাইডু-সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী, উপস্থিত প্রধানমন্ত্রী মোদি ও অমিত শাহ

উদয় বাংলা : পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে তাঁকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি নীতিন নবীন-সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।



শুভেন্দু অধিকারীর পাশাপাশি এ দিন মন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। নতুন মন্ত্রিসভার শপথগ্রহণকে ঘিরে সকাল থেকেই ব্রিগেড প্যারেড ময়দানে বিজেপি কর্মী-সমর্থকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

এ দিন সকালে কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানান শুভেন্দু অধিকারী। পরে বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর সঙ্গে রেসকোর্সে পৌঁছন তিনি। সেখান থেকে গাড়িতে করে তাঁরা যান ব্রিগেড প্যারেড ময়দানে। হুডখোলা গাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে জনতার অভিবাদন গ্রহণ করে মঞ্চে পৌঁছন শুভেন্দু অধিকারী।



উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্র থেকেও জয়ী হন শুভেন্দু অধিকারী। গতকাল বিজেপির পরিষদীয় দলের বৈঠকে তাঁকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীর নাম রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। নতুন সরকারের শপথের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Post a Comment

নবীনতর পূর্বতন