একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউয়ের তালিকায় নাম নেই! ক্ষোভ ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকদের একাংশের

গত ৭ নভেম্বর এসএসসি প্রকাশ করেছিল একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল।

একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউয়ের তালিকায় নাম নেই! ক্ষোভ ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকদের একাংশের
এআই ইমেজ

কলকাতা : একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশ হতেই ক্ষোভে ফেটে পড়েছেন ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। শনিবার সন্ধ্যায় স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) এই তালিকা প্রকাশ করার পর দেখা যায়, বহু প্রার্থী—যাঁদের মধ্যে অনেকে আগে থেকেই ‘যোগ্য’ হিসেবে চিহ্নিত—তাঁদের নাম নেই ইন্টারভিউর দৌড়ে। নতুন পরীক্ষার্থীদেরও একাংশের নাম বাদ পড়েছে, ফলে অসন্তোষ বেড়েই চলেছে দুই পক্ষেই।

গত ৭ নভেম্বর এসএসসি প্রকাশ করেছিল একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল। তার পরের ধাপে শনিবার প্রকাশিত হয় ইন্টারভিউ তালিকা, যাতে প্রার্থীরা বুঝে নিতে পারেন তাঁরা শেষ পর্যায়ের পরীক্ষায় ডাক পেয়েছেন কি না। আর সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা শিক্ষকরা ফের এই পরীক্ষায় বসেছিলেন। তাঁদের মধ্যে বহুজনকে ‘যোগ্য’ বলা হলেও, এবার ইন্টারভিউর তালিকায় নাম না থাকায় মনোবল ভেঙে পড়েছে।

চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডলের অভিযোগ, ‘‘প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্যই আমাদের আবার পরীক্ষা দিতে হয়েছে। বহুদিন আন্দোলনের মধ্যে থাকার কারণে অনেকের পড়াশোনায় টান পড়েছিল। ফলে অনেকেরই পরীক্ষা ভাল হয়নি, আর তাই ইন্টারভিউতে ডাক পাননি।’’ তাঁর দাবি, যাঁরা ‘যোগ্য’ শিক্ষক, তাঁদের চাকরি সুনিশ্চিত করার দায়িত্ব সরকারেরই।

একই ক্ষোভের কথা জানান সঙ্গীতা সাহা নামের এক ‘যোগ্য’ শিক্ষিকাও। যদিও তাঁর নিজের নাম তালিকায় থাকলেও, তাঁর পরিচিত পাঁচ-ছ’জন প্রার্থী ডাক পাননি। সঙ্গীতার কথায়, ‘‘ওঁরা শুধুমাত্র একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ পরীক্ষায় বসেছিলেন। ৩১ ডিসেম্বরের পর তাঁদের আর চাকরি থাকবে না।’’

নতুন চাকরিপ্রার্থীদের একাংশেরও অভিযোগ, লিখিত পরীক্ষায় ইতিহাস বা ভূগোলের মতো বিষয়ে ৬০-এর মধ্যে ৫৮ বা ৫৯ পেলেও তাঁদের নাম নেই ইন্টারভিউ তালিকায়। তাঁদের দাবি, ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকদের নম্বরের সঙ্গে অভিজ্ঞতার জন্য ১০ এবং শিক্ষাগত যোগ্যতার জন্য আরও ১০ নম্বর যোগ হওয়ায় তাঁরা পিছিয়ে পড়েছেন। এর ফলে একই পরীক্ষার মধ্যে বৈষম্য তৈরি হয়েছে বলে অভিযোগ তুলেছেন তাঁরা।

চাকরিপ্রার্থীদের উদ্বেগের মধ্যেই এসএসসি জানিয়েছে, ইন্টারভিউর তালিকায় যাঁদের ডাকা হয়েছে, তাঁদের যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হবে ১৮ নভেম্বর থেকে এবং চলবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। কমিশনের অনুমান, ২০ হাজারেরও বেশি প্রার্থী এই প্রক্রিয়ায় অংশ নেবেন। তালিকায় প্রতিটি বিষয়ের ভিত্তিতে লিঙ্গ ও জাতিগত শ্রেণিবিভাগ অনুযায়ী কতজন যোগ্য হয়েছেন, সেই বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়েছে।

ইন্টারভিউ তালিকা প্রকাশের পর নিয়োগপ্রক্রিয়া ঘিরে নতুন করে উত্তাপ বাড়ছে রাজ্যের চাকরিপ্রার্থী মহলে।

Post a Comment

নবীনতর পূর্বতন