মানিকতলায় কালীপুজোর চাঁদা নিয়ে বেধড়ক মারধর, মাথা ফাটল প্রতিমাসজ্জা শিল্পীর, আতঙ্ক এলাকায়

ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিবেশীরা জানিয়েছেন, এমন জুলুম আগে কখনও দেখেননি।

মানিকতলায় কালীপুজোর চাঁদা নিয়ে বেধড়ক মারধর, মাথা ফাটল প্রতিমাসজ্জা শিল্পীর, আতঙ্ক এলাকায়

কলকাতা : কালীপুজোর আগে চাঁদা নিয়ে ফের অশান্তি কলকাতায়। মানিকতলায় ২০০১ টাকা চাঁদা না দেওয়ায় এক প্রতিমাসজ্জা শিল্পীকে ক্লাব সদস্যদের হাতে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মুরারিপুকুর এলাকায়। আহত ষাটোর্ধ্ব পরিতোষ চক্রবর্তী এখন হাসপাতালে চিকিৎসাধীন। মাথা ফেটে গিয়েছে, পড়েছে পাঁচটি সেলাই, চোখেও আঘাত লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিতোষবাবু বহু বছর ধরে প্রতিমাসজ্জার কাজ করেন। আগে তাঁর একটি সেলুন ছিল, কিন্তু তা দেড় বছর ধরে বন্ধ। পাশেই একটি স্থানীয় ক্লাব প্রতিবছর কালীপুজোর আয়োজন করে। গতবছর ওই ক্লাবের সদস্যরা তাঁর কাছে চাঁদা চাইলে তিনি আর্থিক সমস্যার কারণে দিতে পারেননি। এবছর ফের চাঁদা চাওয়া হলে তিনি জানান, সাধ্যমতো দেবেন। কিন্তু ক্লাবের তরফে জানানো হয়, তাঁকে গতবছরের বকেয়াসহ ২০০১ টাকা দিতেই হবে।

রবিবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে পরিতোষবাবুর সঙ্গে দেখা হয় ওই ক্লাবের কয়েকজন সদস্যের। তাঁরা আবার চাঁদার কথা তুলতেই কথাকাটাকাটি শুরু হয়। অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই তাঁকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়। পরিতোষবাবু রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং মানিকতলা থানায় বিষয়টি জানান।

ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিবেশীরা জানিয়েছেন, এমন জুলুম আগে কখনও দেখেননি। কালীপুজোর মতো উৎসবের আগে এই ঘটনায় এলাকার শান্তি-শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। অভিযুক্ত ক্লাব সদস্যদের কেউ কেউ এখনও এলাকায় ঘোরাফেরা করছে বলে স্থানীয়দের অভিযোগ। তবে ক্লাব কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করা হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন