কেন্দ্রীয় বঞ্চনা: এবার বিক্ষোভের মুখে শুভেন্দু

অভিযোগ, শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের রাস্তার ধারে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। 

কেন্দ্রীয় বঞ্চনা: এবার বিক্ষোভের মুখে শুভেন্দু

কলকাতা : কালীপুজোর উদ্বোধনে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থেকে মথুরাপুরের উদ্দেশে রওনা হওয়ার সময় তাঁর কনভয় ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীরা। ঘটনাস্থল দক্ষিণ বিষ্ণুপুর মোড়, যেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূলের কর্মীরা স্লোগান দিতে শুরু করেন। তাঁদের হাতে ছিল কেন্দ্রবিরোধী নানা লেখা সম্বলিত প্ল্যাকার্ড। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এবং পুলিশের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে।

অভিযোগ উঠেছে, শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের রাস্তার ধারে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীরা তখন বিরোধী দলনেতার কনভয় ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন। এমনকি, শুভেন্দুর গাড়িতে হামলারও অভিযোগ ওঠে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। তাঁদের তৎপরতায় শুভেন্দুর কনভয়কে সুরক্ষিতভাবে ঘটনাস্থল থেকে বের করে দেওয়া হয়। পরে তিনি নিরাপদে মথুরাপুরে পৌঁছন এবং নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কালীপুজোর উদ্বোধন করেন।

এই ঘটনার পর শুভেন্দু অধিকারী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি কোনও রাজনৈতিক কর্মসূচিতে আসিনি, ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে এসেছি। তবু হামলা হচ্ছে। এটাই রাজ্যের বর্তমান পরিস্থিতির প্রতিচ্ছবি।” তিনি আরও দাবি করেন, রাজ্যে তৃণমূল কংগ্রেস প্রশাসনিক সন্ত্রাস সৃষ্টি করে বিরোধীদের পথ রুদ্ধ করার চেষ্টা করছে।

অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, শুভেন্দুর কনভয়ে থাকা নিরাপত্তাকর্মীরা প্রথমে মহিলা কর্মীদের ধাক্কা দেন ও অপমান করেন, যার ফলেই উত্তেজনা ছড়ায়। তাঁদের দাবি, বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল, কিন্তু বিজেপি নেতৃত্ব ইচ্ছাকৃতভাবে তা উসকে দেন।

ঘটনার পর থেকে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার-মথুরাপুর এলাকা জুড়ে টান টান উত্তেজনা। নিরাপত্তা জোরদার করা হয়েছে গোটা অঞ্চলে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীপাবলি ও কালীপুজোর আবহে এমন ঘটনা রাজ্যের রাজনৈতিক তাপমাত্রা আরও বাড়িয়ে তুলেছে। পুজোর মঞ্চেও যে রাজনৈতিক সংঘাতের রেশ প্রবল, তারই প্রমাণ দিল শুভেন্দু অধিকারীকে ঘিরে এই তৃণমূল-বিজেপি সংঘাত।

Post a Comment

নবীনতর পূর্বতন