নিউটাউনের ডাউনটাউন শপিংমলে বচসার জেরে দুই ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে ছুরি দিয়ে হামলার অভিযোগ। গুরুতর জখম ঈশান পাইন ও মনু মণ্ডল, আটক সঙ্গী সৌরিক পাল।
বিধাননগর: শপিংমলের লনে বসে তিন বন্ধুর আড্ডা। খাওয়া-দাওয়ার মধ্যেই হঠাৎ বচসা। আর সেই বচসা থেকেই ব্যাগ থেকে ধারালো ছুরি বার করে দুই বন্ধুর উপর এলোপাথাড়ি হামলার অভিযোগ। বুধবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নিউটাউনের অ্যাকশন এরিয়া ৩-এর জনবহুল ডাউনটাউন শপিংমলের ভিতরে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ঈশান পাইন ও মনু মণ্ডল। তাঁদের সঙ্গী সৌরিক পালকে আটক করেছে টেকনো সিটি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন পড়ুয়াই নিউটাউনের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। প্রত্যেকের বয়স ২০ থেকে ২১ বছরের মধ্যে। কলকাতা সংলগ্ন বিভিন্ন জেলার বাসিন্দা তাঁরা। বুধবার সন্ধ্যায় তিন বন্ধু শপিংমলের ভিতরে বসে গল্প করছিলেন। সেই সময় কোনও একটি বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, বচসার মধ্যেই সৌরিক নিজের ব্যাগ থেকে ধারালো ছুরি বার করে ঈশান ও মনুর উপর হামলা চালান।
হামলার ঘটনায় শপিংমল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুই যুবকের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। ততক্ষণে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছেন দু’জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টেকনো সিটি থানার পুলিশ। দ্রুত তাঁদের উদ্ধার করে নিউটাউনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দু’জনই চিকিৎসাধীন।
হাসপাতাল সূত্রে খবর, ঈশানের আঘাত গুরুতর। তাঁর গলা, শিরা-সহ শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষত হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানা গিয়েছে। হামলার পর শপিংমলের ভিতরে রক্ত ছড়িয়ে পড়ে। পরে জল দিয়ে সেই জায়গা পরিষ্কার করা হয়।
তবে ঠিক কী কারণে তিন বন্ধুর মধ্যে বচসা শুরু হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে এক তরুণীর উপস্থিতির কথাও জানতে পেরেছে পুলিশ। হামলার পিছনে কোনও ত্রিকোণ সম্পর্কের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক সৌরিককে জিজ্ঞাসাবাদ করে হামলার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে টেকনো সিটি থানার পুলিশ। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন