ভোট মিটলেই ১ হাজার টাকার রান্নার গ‌্যাস ২ হাজার হবে : অভিষেক

“কেন্দ্র যদি আগামী এক বছর গ্যাস ও পেট্রোলের দাম না বাড়ানোর নোটিফিকেশন জারি করে, তবে তৃণমূল ২৯১টি আসন থেকেই প্রার্থী তুলে নেবে,” চ‌্যালেঞ্জ অভিষেকের।

ভোট মিটলেই ১ হাজার টাকার রান্নার গ‌্যাস ২ হাজার হবে : অভিষেক
তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের সমর্থনে প্রচারে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ‌্যায়। বুধবার রাজগঞ্জ ব্লকের আমবাড়ির সুদামগঞ্জে।

উদয় বাংলা : উত্তরবঙ্গের একাধিক নির্বাচনী জনসভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ‌্যায়। ফালাকাটা, রাজগঞ্জ ও শীতলকুচির সভা থেকে একদিকে যেমন মূল্যবৃদ্ধি ইস্যুতে মোদি সরকারকে কাঠগড়ায় তুললেন, তেমনই রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে ভোটারদের সমর্থন চান তিনি।

ফালাকাটার জনসভা থেকে অভিষেকের দাবি, ভোট মিটলেই ১ হাজার টাকার রান্নার গ্যাস ২ হাজার টাকায় পৌঁছবে। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, কেন্দ্র যদি আগামী এক বছর গ্যাস ও পেট্রোলের দাম না বাড়ানোর নোটিফিকেশন জারি করে, তবে তৃণমূল ২৯১টি আসন থেকেই প্রার্থী তুলে নেবে। একই সঙ্গে ১২ বছরের কেন্দ্রীয় শাসনের ‘রিপোর্ট কার্ড’ প্রকাশের দাবিও তোলেন তিনি। তাঁর অভিযোগ, বাংলায় বিজেপি জিততে না পারায় আবাস যোজনা, ১০০ দিনের কাজ ও জল প্রকল্পের টাকা আটকে দেওয়া হয়েছে।

রাজগঞ্জের সভায় নারীশক্তির প্রসঙ্গ তুলে ধরেন অভিষেক। ‘সোনার মেয়ে’ স্বপ্না বর্মণের সমর্থনে প্রচারে গিয়ে তিনি বলেন, Mamata Banerjee-র সরকার উন্নয়নে বদ্ধপরিকর হলেও দিল্লি রাজ্যের প্রাপ্য অর্থ আটকে রেখেছে। পাশাপাশি রান্নার গ্যাস, কেরোসিন, দুধ-সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার কথাও তুলে ধরেন তিনি। রাজ্যের বিভিন্ন প্রকল্পে বিপুল সংখ্যক উপভোক্তার সুবিধা পাওয়ার পরিসংখ্যানও তুলে ধরেন তৃণমূলের এই শীর্ষ নেতা।

অন্যদিকে শীতলকুচির সভা থেকে অভিষেকের কটাক্ষ, “মোদীজি নিচ্ছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন—কার সঙ্গে থাকবেন তা ঠিক করুন।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোচবিহার সফর ঘিরে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জও জানান তিনি। তাঁর দাবি, কেন্দ্র যদি প্রমাণ করতে পারে যে আবাস যোজনা বা ১০০ দিনের কাজে এক পয়সাও দিয়েছে, তবে তিনি আর ভোট চাইবেন না। একই সঙ্গে নোটবন্দী থেকে শুরু করে বিভিন্ন নীতিতে সাধারণ মানুষকে লাইনে দাঁড় করানোর অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সরব হন অভিষেক।

Post a Comment

নবীনতর পূর্বতন