রবিবার রাতেই শহরে মুখ্য নির্বাচন কমিশনার, সোমবার রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক

এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারণার তৃতীয় দিনে পড়তেই কলকাতায় পৌঁছলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার রাজনৈতিক দল ও প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবে নির্বাচন কমিশন।

রবিবার রাতেই  শহরে মুখ্য নির্বাচন কমিশনার, সোমবার রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক

উদয় বাংলা : এসআইআর ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের শাসকদলের ধরনা যখন রবিবার তৃতীয় দিনে পৌঁছেছে, ঠিক সেই সময়ই কলকাতায় পৌঁছলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রবিবার রাতে তিনি শহরে আসেন। তাঁর সঙ্গে রয়েছেন নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশী। পাশাপাশি দুই ডেপুটি কমিশনার মণীশ গর্গ ও পবনকুমার শর্মাও এই প্রতিনিধি দলের অংশ হিসেবে কলকাতায় এসেছেন। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্য নির্বাচনী আধিকারিক।

নির্বাচন কমিশনের এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সফরকে ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে এসআইআর ইস্যুতে চলা রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল থেকেই শুরু হবে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক।

এর আগে রবিবার দুপুরেই কলকাতায় পৌঁছে গিয়েছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। তাঁর পাশাপাশি কমিশনের ডিরেক্টর জেনারেল আশিস গোয়েল, ডেপুটি ডিরেক্টর পি পবন, অপূর্ব কুমার সিংহ এবং ভিডিয়ো এডিটর রঞ্জিতকুমার শ্রীবাস্তবও রাজ্যে আসছেন বলে কমিশন সূত্রে খবর। ফলে নির্বাচন কমিশনের একাধিক শীর্ষ আধিকারিক বর্তমানে কলকাতায় উপস্থিত থাকছেন।

কমিশন সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ১০টা থেকে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এই বৈঠকের জন্য রাজ্য ও কেন্দ্রের মোট আটটি স্বীকৃত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিটি দলের সঙ্গে আলাদা করে আলোচনা হবে এবং প্রত্যেকটি দলের জন্য ১৫ মিনিট করে সময় নির্ধারণ করা হয়েছে। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনী প্রস্তুতি, ভোটার তালিকা এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতামত তুলে ধরা হতে পারে বলে মনে করা হচ্ছে।

এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদলে থাকবেন রাজীব কুমার। রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি এবং বর্তমানে তৃণমূলের রাজ্যসভার প্রার্থী রাজীব কুমার এই প্রথমবার রাজ্যের শাসকদলের হয়ে কোনও আনুষ্ঠানিক বৈঠকে প্রতিনিধিত্ব করতে চলেছেন। তাঁর উপস্থিতি রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা শেষ হওয়ার পর সোমবার দুপুর ১টা ১৫ মিনিটে নির্বাচন প্রস্তুতি নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবে কমিশন। সেই বৈঠকে কেন্দ্র ও রাজ্যের মোট ২৪টি সংস্থার প্রতিনিধিদের ডাকা হয়েছে। এই সংস্থাগুলির মধ্যে বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সির আধিকারিকরাও থাকবেন। পাশাপাশি বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে আইজি, ডিআইজি, বিভিন্ন পুলিশ কমিশনারেটের আধিকারিক, জেলা পুলিশ সুপার এবং জেলাশাসকদের।

Post a Comment

নবীনতর পূর্বতন