ইপিএফের সুদের টাকা শীঘ্রই ঢুকবে অ্যাকাউন্টে, ৮.২৫ শতাংশ হারেই মিলবে ২০২৫-২৬ সালের সুদ

বেসরকারি সংস্থার কর্মীদের জন্য সুখবর। ইপিএফ অ্যাকাউন্টে ২০২৫-২৬ আর্থিক বছরের সুদের টাকা জমা দেওয়ার প্রক্রিয়া শীঘ্রই শুরু করবে ইপিএফও। সুদের হার থাকছে ৮.২৫ শতাংশ।

ইপিএফের সুদের টাকা শীঘ্রই ঢুকবে অ্যাকাউন্টে, ৮.২৫ শতাংশ হারেই মিলবে ২০২৫-২৬ সালের সুদ

 

উদয় বাংলা ডেস্ক : বেসরকারি সংস্থার কর্মীদের জন্য সুখবর। খুব শীঘ্রই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) অ্যাকাউন্টে জমা হতে চলেছে ২০২৫-২৬ আর্থিক বছরের সুদের টাকা। কেন্দ্রীয় সরকার ইপিএফের সুদের হার ৮.২৫ শতাংশ বজায় রাখার অনুমোদন দিয়েছে। ফলে সাত কোটিরও বেশি গ্রাহকের অ্যাকাউন্টে এই সুদের অঙ্ক জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে।



ইপিএফ অ্যাকাউন্টে সুদের হিসাব প্রতি মাসে করা হলেও তা আর্থিক বছরের শেষে গ্রাহকদের অ্যাকাউন্টে জমা হয়। চলতি বছরের সুদের টাকা পেতে কর্মীদের আর বেশি অপেক্ষা করতে হবে না। অর্থ মন্ত্রকের অনুমোদনের পর এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)-কে সুদের টাকা জমা করার নির্দেশ দেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

ইপিএফও-র সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (সিবিটি) ২০২৫-২৬ সালের জন্য ৮.২৫ শতাংশ সুদের হার রাখার সুপারিশ করেছিল। সেই সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকও একই হার বজায় রাখার সিদ্ধান্ত নেয়। নিয়ম অনুযায়ী অনুমোদনের জন্য বিষয়টি অর্থ মন্ত্রকের কাছে পাঠানো হয়েছিল। সম্প্রতি অর্থ মন্ত্রক তাতে সম্মতি দিয়েছে বলে জানা গিয়েছে।

এর আগে ২০২২-২৩ আর্থিক বছরে ইপিএফের সুদের হার ছিল ৮.১৫ শতাংশ। ২০২৩-২৪ আর্থিক বছরে তা বাড়িয়ে ৮.২৫ শতাংশ করা হয়। বর্তমানে সেই হারই বহাল রয়েছে। যদিও অনেক কর্মী আশা করেছিলেন সুদের হার আরও বাড়তে পারে, শেষ পর্যন্ত তা হয়নি। তবে সুদের হার কমানো হয়নি বলেই স্বস্তিতে রয়েছেন প্রভিডেন্ট ফান্ডের গ্রাহকরা।



কেন্দ্রের অনুমোদনের পরে এবার চলতি মাস থেকেই ইপিএফ অ্যাকাউন্টে সুদের টাকা জমা পড়ার প্রক্রিয়া শুরু হতে পারে। এতে দেশের লক্ষ লক্ষ বেসরকারি সংস্থার কর্মী উপকৃত হবেন।

Post a Comment

নবীনতর পূর্বতন