মায়ের স্নেহ-বঞ্চিত এই শিশু বানর এখন ইন্টারনেট সেনসেশন, জানেন কি কেন?

জাপানের ইচিকাওয়া সিটি জু-তে মাতৃস্নেহ থেকে বঞ্চিত শিশু বানর সফ্ট-টয় আঁকড়ে বেঁচে থাকার সাহস খুঁজছে। ভাইরাল ভিডিও ঘিরে আবেগে ভাসছে নেটদুনিয়া।

মায়ের স্নেহ-বঞ্চিত এই শিশু বানর এখন ইন্টারনেট সেনসেশন, জানেন কি কেন?
ছবি : সোশ‌্যাল মিডিয়া

উদয় বাংলা ডেস্ক:  জাপানের একটি ছোট্ট বানর রীতিমতো ইন্টারনেট সেনশেশন । একটি সফট টয় আঁকড়ে ধরে থাকা শিশুটি, যার নাম পাঞ্চ-কুন, ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষের হৃদয় ছুঁয়েছে। ইচিকাওয়া সিটি জু-র বাসিন্দা এই ছোট্ট বানরটিকে প্রায় সব সময়ই দেখা যায় একটি অরাংওটাং টেডি পুতুল সঙ্গে নিয়ে ঘুরতে। কখনও সেটিকে বুকে জড়িয়ে ধরে বসে থাকে, কখনও আবার ভয় পেলে সেটির কাছেই আশ্রয় নেয়। এই দৃশ্যই তাকে রাতারাতি ইন্টারনেট সেনসেশন করে তুলেছে। সোশ‌্যাল মিডিয়ায় ভাইরাল বিভিন্ন ভিডিও ক্লিপংস।


পাঞ্চ-কুনের জন্ম গতবছর জুলাই মাসে। কিন্তু জন্মের পরই তার মা তাকে ত্যাগ করে। একটি শিশু বানর মায়ের কাছ থেকে যে নিরাপত্তা, উষ্ণতা এবং মানসিক স্থিরতা পায়, পাঞ্চ-কুনের ভাগ্যে তা জোটেনি। ফলে চিড়িয়াখানার কর্মীদেরই তাকে সারাক্ষণ দেখাশোনা করতে হয়েছে। তার একাকীত্ব কমাতে এবং মানসিক সাপোর্ট দিতে তাকে দেওয়া হয় একটি সফট টয়। সেই পুতুলই ধীরে ধীরে তার সবচেয়ে কাছের সঙ্গী হয়ে উঠেছে। সেটিকে ঘুমানোর সময় জড়িয়ে ধরে পাঞ্চ-কুন। ভয় পেলে আঁকড়ে ধরে। আবার অন্য বানর তাকে দূরে ঠেলে দিলে ওই পুতুলের কাছে গিয়ে লুকোয়।

সফট টয় নিয়ে পাঞ্চ-কুনের ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছে ইচিকাওয়া সিটি জুলজিক্যাল অ্যান্ড বোটানিক্যাল গার্ডেনস কর্তৃপক্ষ। ভিডিওতে দেখা যাচ্ছে, পাঞ্চ অন্য একটি শিশু বানরের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে, কিন্তু সেই বানরটি তাকে এড়িয়ে যায়। এরপর পাঞ্চ যেন হাল ছেড়ে দিয়ে বসে পড়ে। ঠিক তখনই একটি বড় বানর তাকে ধমক দেয় এবং টেনে নিয়ে যায়। এই দৃশ্য দেখে অনেকেই ভেবেছিলেন, পাঞ্চকে হয়তো নির্যাতন করা হচ্ছে।

তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, এই আচরণ স্বাভাবিক সামাজিক আচরণেরই অংশ। যে বড় বানরটি পাঞ্চকে টেনেছিল, সেটি সম্ভবত সেই বাচ্চা বানরের মা। নিজের সন্তানকে বিরক্ত করা হচ্ছে মনে করে সে পাঞ্চকে শাসন করে। এটি কোনও আক্রমণ নয়, বরং বানরদের মধ্যে শৃঙ্খলা শেখানোর একটি স্বাভাবিক পদ্ধতি।

চিড়িয়াখানা আরও জানায়, পাঞ্চ এর আগেও বহুবার অন্য বানরদের কাছ থেকে এমন শাসন পেয়েছে এবং ধীরে ধীরে সে তাদের সঙ্গে মিশতে শিখছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, টেনে নিয়ে যাওয়ার পর পাঞ্চ দৌড়ে গিয়ে নিজের টেডি পুতুলটিকে জড়িয়ে ধরে। কিন্তু কিছুক্ষণ পরই আবার সে সেটি ছেড়ে দিয়ে অন্য বানরদের সঙ্গে যোগ দেওয়ার করার চেষ্টা করে। অর্থাৎ, সে ভয় পেয়ে পিছিয়ে গেলেও আবার সাহস করে সামনে এগোচ্ছে।

চিড়িয়াখানার মতে, ভিডিওটি সম্ভবত ১৯ ফেব্রুয়ারির সকালের। তবে ওই দিন দুপুরের খাবারের সময় বা বিকেলের খাবারের সময় পাঞ্চের আচরণ ছিল একেবারেই স্বাভাবিক। অন্য দিনের মতোই সে ছিল সক্রিয় ও চঞ্চল। তাকে অন্য বানরদের সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য আগে থেকেই এমন কিছু চ্যালেঞ্জ আসতে পারে বলে ধারণা করা হয়েছিল। যদিও তাকে অনেকবার শাসন করা হয়েছে, কিন্তু কোনও বানরই তার প্রতি গুরুতর আক্রমণাত্মক আচরণ করেনি।

চিড়িয়াখানা শেষ পর্যন্ত মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছে। তারা জানিয়েছে, পাঞ্চকে দেখে শুধুমাত্র করুণা নয়, বরং তার সাহস এবং মানসিক শক্তিকে সম্মান করা উচিত। বারবার ধমক খাওয়ার পরেও সে হাল ছাড়ছে না, বরং আবার অন্যদের সঙ্গে মিশতে চেষ্টা করছে। এই লড়াইটাই তার বড় হয়ে ওঠার অংশ।

Post a Comment

নবীনতর পূর্বতন